হায়দরাবাদ: ইউটিউবের গ্ল্যামার আর ভ্লগিংয়ের পরিচিত মুখের আড়ালে যে এমন এক বিষণ্ণতা লুকিয়ে ছিল, তা হয়তো কেউ আঁচ করতে পারেনি। হায়দরাবাদের একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হলো ২১ বছর বয়সী উদীয়মান ইউটিউবার বোনু কোমালির নিথর দেহ। মৃত্যুর ঠিক আগে কুয়েতে কর্মরত মাকে পাঠানো তাঁর শেষ মেসেজ এখন পুলিশি তদন্তের কেন্দ্রবিন্দুতে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে বিজ্ঞানের স্নাতক স্তরের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি ইউটিউবে নিয়মিত ভ্লগিং করতেন তিনি। গত ১১ মাস ধরে হায়দরাবাদের একটি বাড়িতে একা থেকেই নিজের কন্টেন্ট এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। সোমবার সকালে হঠাৎই কুয়েতে কর্মরত মা বি সত্য বরালক্ষ্মীর ফোনে কোমালির একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ‘‘মা, তোমাকে খুব ভালোবাসি। ভাইয়ের খেয়াল রেখো।’’ এই বার্তা পাওয়ার পর আতঙ্কিত মা বারবার মেয়েকে ফোন করলেও ফোন বন্ধ পান। এরপরই তিনি হায়দরাবাদে কোমালির এক বন্ধুকে খবর দেন। বিকেলে সেই বন্ধু কোমালির বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। শেষমেশ বাড়ির মালিক ও পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে কোমালির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিএইচ বেঙ্কান্না জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, কোনো এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে কোমালির ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন চলছিল। ওই যুবকের সঙ্গেই মিলেমিশে ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। পরিচিত মহলের দাবি, গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছিল এবং এই মানসিক চাপ সামলাতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন কোমালি। পুলিশ আরও জানতে পেরেছে যে, মাস ছয়েক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই তরুণী। আপাতত ঘটনার প্রকৃত কারণ জানতে কোমালির পরিচিত ও তাঁর সেই সঙ্গীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন