কলকাতা: ভোটদানের হার বাড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এক বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার আর রোদে পুড়ে বা দূরে গিয়ে নয়, নিজের আবাসনের ভেতরেই ভোট দেওয়ার সুযোগ পাবেন কয়েক হাজার ভোটার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের মোট ৭৮টি বহুতল আবাসনে বুথ তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই তালিকায় একুশটি বহুতল থাকলেও, তিনশো ভোটারের বেশি সংখ্যা থাকায় নতুন করে আরও ৫৭টি বহুতলে বুথ গড়ার নির্দেশ দিয়েছে কমিশন।
মূলত বড় আবাসন বা বহুতল কমপ্লেক্সের বাসিন্দারা অনেক সময় বুথ দূরে হওয়ার কারণে ভোট দিতে বিমুখ হন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাতায়াতের সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। তাঁদের এই সমস্যার কথা মাথায় রেখেই কমিশনের এই অভিনব উদ্যোগ। নির্বাচন কমিশনের বক্তব্য, বড় আবাসনের ভেতরে বুথ তৈরি হলে ভোটদান প্রক্রিয়া অনেক বেশি সহজ এবং সুবিধাজনক হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক ভোটদানের হারের ওপর।
কমিশন সূত্রে পাওয়া জেলাভিত্তিক তালিকায় দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ২৫টি বহুতলে বুথ তৈরি হচ্ছে। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটি ১৬। এছাড়া উত্তর কলকাতায় ৫টি, দক্ষিণ কলকাতায় ১টি এবং হাওড়ার ৪টি বহুতলে বুথ গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদ যায়নি জেলাও; পূর্ব বর্ধমান এবং হুগলির ৩টি করে বহুতলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যাচ্ছে, খসড়া তালিকায় নতুন করে বিন্যাসের ফলে প্রতি বুথে গড়ে ৭০ জন করে ভোটার সংখ্যা কমেছে। এর আগে কলকাতা-সহ সাতটি জেলায় ৬৯টি বহুতলে বুথ গড়ার পরিকল্পনা করা হলেও, শেষ মুহূর্তে সংখ্যাটি বাড়িয়ে ৭৮ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে খুশি শহরের বড় আবাসনগুলির বাসিন্দারা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন