স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আরও একধাপ পিছিয়ে পড়ল পাকিস্তান। বুধবার নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা পরাজিত হওয়ায় সলমন আলি আঘাদের শেষ চারে যাওয়ার পথ এখন খাড়া পাহাড় ডিঙানোর মতো কঠিন। সুপার এইটের গ্রুপ-২ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাকি একটি জায়গার জন্য এখন মূলত লড়াই নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে। অন্যদিকে, টানা হারের মুখ দেখে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
বর্তমানে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র ১ পয়েন্ট। দুটি ম্যাচের মধ্যে একটিতে হার এবং অন্যটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাঁদের ভাগ্য এখন সুতোর ওপর ঝুলছে। পাকিস্তান বড়জোড় ৩ পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু এই ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যেতে হলে মিলতে হবে এক জটিল সমীকরণ। প্রথমত, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডকে হারতে হবে ইংল্যান্ডের কাছে।
অঙ্ক বলছে, নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হেরে যায়, তবে কিউয়িদের পয়েন্টও ৩-এ থমকে থাকবে। সেক্ষেত্রে বিচার্য হবে নেট রানরেট। আর এখানেই কপালে ভাঁজ পাকিস্তান শিবিরের। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রানরেট (+৩.০৫০) পাকিস্তানের (-০.৪৬১) তুলনায় যোজন যোজন এগিয়ে। ফলে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সলমনদের শুধু জয় নয়, অলৌকিক কোনো ব্যবধানে জয় পেতে হবে রানরেট শুধরে নেওয়ার জন্য।
তবে এই সমস্ত হিসাব-নিকাশও জলঘোলা হয়ে যেতে পারে আগামী শুক্রবার। যদি নিউজিল্যান্ড ওইদিন ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে শনিবার মাঠে নামার আগেই বিশ্বকাপ থেকে সরকারিভাবে বিদায় ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি হবে কেবলই নিয়মরক্ষার। এখন দেখার, ক্রিকেটের অনিশ্চয়তা বাবর-সলমনদের জন্য কোনো মিরাকল বয়ে আনে কি না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন