ঝাড়গ্রাম: ব্যস্ত সময়ে হঠাৎই আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামের প্রধান ডাকঘরে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের পাঠানো একটি হুমকি মেইলকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই ইমেলে দাবি করা হয়েছে, ঝাড়গ্রাম পোস্ট অফিসটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকি বার্তা পাওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কর্মমহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
হুমকি মেইলটি আসার সাথে সাথেই সতর্ক হয় প্রশাসন। তড়িঘড়ি গোটা পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়। বর্তমানে ঝাড়গ্রাম থানা ও জেলা পুলিশের বিশাল বাহিনী এলাকাটি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পোস্ট অফিসের ভেতরে।
ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল। পুলিশ এবং বিশেষজ্ঞ দল গোটা পোস্ট অফিস চত্বরের প্রতিটি কোণ তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে। কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক লুকানো আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডগ স্কোয়াডকেও এই অভিযানে নামানো হতে পারে বলে খবর।
ডাকঘরের অফিসিয়াল মেলে এই হুমকি কেন এল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এটি নিছকই কোনো প্র্যাঙ্ক নাকি এর পেছনে বড় কোনো নাশকতার ছক রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে পোস্ট অফিসের স্বাভাবিক কাজকর্ম।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন