কল্যাণী: কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের জুনিয়র বয়েজ হস্টেলে ফাইনাল ইয়ারের এক ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে হস্টেলের ঘর থেকে ওই ছাত্রের দুর্গন্ধময় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
মৃত ছাত্রের নাম পুলক হালদার। তিনি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া এলাকায়। হস্টেলের একটি ঘরে পুলক একাই থাকতেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও হস্টেল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল নাগাদ পুলকের ঘর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে অন্য আবাসিকদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ এবং কল্যাণী থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে বিছানায় পুলকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের পচন দেখে অনুমান করা হচ্ছে, অন্তত দিন দুয়েক আগেই তাঁর মৃত্যু হয়েছে।
সহপাঠীরা জানিয়েছেন, আগামী মাসের ৫ তারিখ থেকে পুলকের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। একজন মেধাবী ছাত্রের পরীক্ষার ঠিক আগেই এই ধরনের মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত তাঁর বন্ধু ও পরিবার। বাড়ির লোকজনকে ইতিমধ্যেই এই খবর দেওয়া হয়েছে।
মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এটি কোনও স্বাভাবিক মৃত্যু, নাকি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন