শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপির নির্বাচনী প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করতে পৌঁছালে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদ ও স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়।
সুকান্ত মজুমদার দেওয়াল লিখন শুরু করতেই সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। তাঁরা সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি শিবিরও। গেরুয়া শিবিরের কর্মীরাও পাল্টি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
তৃণমূলের এই আচরণের কড়া সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন,
"তৃণমূল কংগ্রেসের এটা অভ্যেস। ওরা সব সময় বিজেপির কর্মসূচির পেছনে এভাবেই লেগে থাকে এবং বাধা দেওয়ার চেষ্টা করে।"
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীওয়াল ও মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই কোনো তথ্যপ্রমাণ পেশ করতে না পারায় তাঁরা বেকসুর খালাস পেয়েছেন। এই স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্প্রতি এসআইআর (SIR) বা বিভিন্ন ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের হোমগার্ডের চাকরি দেওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, তাকেও বিঁধতে ছাড়েননি সুকান্ত। তাঁর দাবি,
"মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক কথাই বলেন, কিন্তু পরে তিনি নিজেই তা ভুলে যান। এগুলো স্রেফ কথার কথা।"
এনসিইআরটি (NCERT) বই নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের বিষয়ে সুকান্ত মজুমদার জানান, এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আওতাভুক্ত বিষয়। তাই এ নিয়ে যা বলার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানই বলবেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন