আন্তর্জাতিক ডেস্ক: পাক-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। পাকিস্তানের চালানো সাম্প্রতিক আকাশপথে হামলায় তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার মৃত্যু হয়েছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এই দাবির সপক্ষে এখনও কাবুলের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আবার পাকিস্তানের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
২০১৬ সাল থেকে তালিবানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন আখুন্দজাদা। তাঁকে খুব কমই জনসমক্ষে দেখা যায়। সাধারণত তালিবানের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমেই তিনি নির্দেশিকা পাঠিয়ে থাকেন। তাঁর মৃত্যু নিয়ে এই প্রথমবার গুজব ছড়াচ্ছে এমন নয়। ২০২১ সালে কাবুল দখলের পর থেকেই তাঁকে দেখা না যাওয়ায় তাঁর মৃত্যুর গুজব দানা বেঁধেছিল। তবে, পরবর্তীকালে বিভিন্ন ভাষণ ও বিবৃতির মাধ্যমে তিনি যে জীবিত, তার প্রমাণ মিলেছিল। এবারের ঘটনাপ্রবাহ তাই কূটনৈতিক মহলে গভীর কৌতূহল সৃষ্টি করেছে।
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরাসরি সামরিক অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। 'অপারেশন গজব লিল-হক' নামক এই অভিযানে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এই সামরিক অভিযানে তালিবানের ১৩০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় (চিত্রাল, খাইবার, মহমন্দ, কুররম এবং বাজাউর) তালিবানের দিক থেকে গুলি বর্ষণ করা হয়। এর পাল্টা জবাব হিসাবেই পাকিস্তান আকাশপথে এই অভিযান চালিয়েছে।
এই অস্থির পরিস্থিতির দায়ভার আফগানিস্তানের উপর চাপিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি দাবি করেন, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ওই অঞ্চলে শান্তি ফেরার প্রত্যাশা ছিল। কিন্তু, সেই লক্ষ্য পূরণ হয়নি। সীমান্তে তালিবানের গুলিচালনা এবং তার ফলে পাকিস্তানের পাল্টা অভিযান, এই দুই দেশের সম্পর্ককে এক জটিল ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে নিয়ে এসেছে।
বর্তমানে পুরো বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে। তালিবান নেতৃত্বের পক্ষ থেকে এই সংবাদের (হিবাতুল্লাহ আখুন্দজাদার মৃত্যু সংক্রান্ত) সত্যতা নিয়ে কোনো বার্তা আসে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।
বিষয় : Pakistan war afghanistan

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন