ঢাকা: ঢাকার পল্টন এলাকায় ভয়াবহ এক ঘটনার সাক্ষী থাকল রাজধানী। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন। বাইতুল মোকাররমের পাশ থেকে উদ্ধার হল দুটি কাটা হাত, স্কাউট ভবনের সামনে মিলল একটি পা।
এই ভয়াবহতা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি এক গভীর সংকেত। প্রশ্ন উঠছে — আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে দেহাংশগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রথমে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। শনিবার সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি রাস্তা থেকে পাওয়া যায় দুটি কাটা হাত। পরে দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। কীভাবে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
রাজধানীর প্রাণকেন্দ্রে এমন নৃশংস ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
শেখ হাসিনার পতনের পর বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল — “নতুন বাংলাদেশ”, “নিরাপদ বাংলাদেশ”, “ভয়ের রাজনীতি শেষ”। কিন্তু বাস্তব চিত্র কি তার সঙ্গে মেলে?
রাজধানীর কেন্দ্রে এভাবে দেহাংশ পড়ে থাকে — এ কি শুধু অপরাধচক্রের দাপট, নাকি প্রশাসনিক দুর্বলতার নগ্ন বহিঃপ্রকাশ?
ধারাবাহিক অস্থিরতা
ক্ষমতার পালাবদল হলেও সহিংসতার ধারাবাহিকতা থামেনি — এমন অভিযোগ এখন প্রকাশ্যে আসছে। তারেক রহমান নেতৃত্বাধীন বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কতটা সফল — সেই প্রশ্নও ঘুরে ফিরছে জনমনে।
বিষয় : Murder Bangladesh dhaka

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন