কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হল এসআইআর-এর চূড়ান্ত অথচ অসম্পূর্ণ ভোটারতালিকা। আর এই তালিকায় সবথেকে বেশি নজর ছিল রাজ্যের দুই হেভিওয়েট কেন্দ্র — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের দিকে। কমিশন সূত্রে পাওয়া প্রাথমিক পরিসংখ্যানে দুই কেন্দ্রেই ভোটার সংখ্যায় বড়সড় হেরফের নজরে এসেছে।
কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভবানীপুর কেন্দ্র থেকে সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৪৭ হাজার ১১১ জন ভোটারের নাম। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের নাম। উল্লেখ্য, ভবানীপুরের ২৬৭টি বুথের খসড়া তালিকায় নাম ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জনের। যা নতুন তালিকায় কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১। এই কেন্দ্রে এখনও ১৪,১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশন ক্যাটেগরিতে রয়েছে।
দক্ষিণ কলকাতার একাধিক হেভিওয়েট কেন্দ্রেই ভোটারতালিকায় বড় রদবদল দেখা যাচ্ছে। যেমন -
কলকাতা বন্দর: ফিরহাদ হাকিমের এই কেন্দ্রে নতুন তালিকায় ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯ জনের নাম রয়েছে। এখানে এখনও ৩২,৩৭৮টি নাম বিচারাধীন।
রাসবিহারী: খসড়া তালিকায় ১ লক্ষ ৬০ হাজার ২১ জনের নাম থাকলেও নতুন তালিকায় তা কমে হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫। এখানে যাচাই হওয়া বাকি ৮১৫৭ জনের নাম।
বালিগঞ্জ: এই কেন্দ্রে খসড়া তালিকার তুলনায় ভোটার সংখ্যা সামান্য বেড়ে হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪। তবে, ২৩,৯৬৮ জনের নাম এখনও যাচাই করা হয়নি।
সামগ্রিকভাবে দক্ষিণ কলকাতায় মোট ১০৯৩টি বুথে প্রায় ৭৮,৬৫৭টি নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।
শনিবার সকাল থেকে তালিকা প্রকাশের কাজ শুরু হতেই কমিশনের ওয়েবসাইটে প্রবল চাপ তৈরি হয়। ক্রমাগত ওয়েবসাইট ক্র্যাশ করায় অনলাইনে নাম দেখতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। তবে কমিশন জানিয়েছে, বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় তালিকা আপলোড করা হচ্ছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর কাজ যতটুকু এগোবে, তার ভিত্তিতেই ভোটারতালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী এটিই ‘চূড়ান্ত’ হলেও ‘সম্পূর্ণ’ তালিকা নয়। ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, বর্তমানে গোটা রাজ্যে প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। যার চূড়ান্ত মীমাংসা করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন