বারাসত: বাংলায় এসআইআর-এর চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার খোদ তৃণমূল বিধায়কের নামই স্থান পেল ‘অমীমাংসিত’ বা অ্যাডজুডিকেশন (Adjudication) ক্যাটেগরিতে। উত্তর ২৪ পরগনার আমডাঙার তিনবারের বিধায়ক রফিকুর রহমান এবং তাঁর ছেলের নাম ভোটারতালিকায় অনিশ্চিত হয়ে পড়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন তিনি।
শনিবার বারাসতে ক্ষোভ উগরে দিয়ে রফিকুর রহমান বলেন, “আমি তিনবারের বিধায়ক এবং তিনবার পঞ্চায়েত সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। অথচ, আজ আমার এবং আমার ছেলের নামই অ্যাডজুডিকেশন ক্যাটেগরিতে রাখা হয়েছে। কেন এমন হল, তা নির্বাচন কমিশনই বলতে পারবে।” সরাসরি আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, “আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন এখন বিজেপির একটি শাখা সংগঠন বা ফ্রন্টাল অর্গানাইজেশন হিসাবে কাজ করছে।”
রফিকুর রহমানের দাবি অনুযায়ী, আমডাঙা বিধানসভা কেন্দ্রে প্রায় ৭,৫০০ ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ৯,০০০-এর বেশি নাম ‘অমীমাংসিত’ রাখা হয়েছে। তবে, এই ঘটনায় দমে যেতে নারাজ তিনি। বিধায়কের কথায়, “আমি নিশ্চিত এই নামগুলি আবার তালিকায় ফিরবে। আর, যদি এই ৭,৫০০ ভোটারকে বাদ দিয়েও ভোট হয়, তাহলেও তৃণমূল কংগ্রেসই জিতবে।”
এক অদ্ভূত গাণিতিক সমীকরণ টেনে রফিকুর রহমান বলেন, “যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের একজনের বদলে আরও সাতজন করে মোট ৪৯ হাজার নতুন মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসবে। এমনকী, বিরোধীরাও এই অন্যায়ে ক্ষুব্ধ হয়ে তৃণমূলকে ভোট দেবে। আমাদের জয় নিশ্চিত।”
বিষয় : SIR West Bengal

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন