কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা! আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের পাল্টাপাল্টি হামলা এবং পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের জেরে বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের আঁচ এবার টলিউডেও। ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বন্ধ বিমান চলাচল, ফলে এখনই কলকাতায় ফেরা অনিশ্চিত তাঁদের।
ছেলের স্কুলের ছুটির কারণে কয়েক দিন আগেই দুবাই উড়ে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু বিমানবন্দরে পা রাখার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হয় সমস্ত উড়ান। তবে ভক্তদের আশ্বস্ত করে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, শুভশ্রী ও ইউভান বর্তমানে দুবাইয়ের একটি হোটেলে নিরাপদেই রয়েছেন। রাজের কথায়, "ওরা হোটেলে পৌঁছে গিয়েছে। দুবাইয়ে আমাদের কিছু বন্ধুবান্ধব আছেন, তাঁরাই শুভশ্রী আর ইউভানের দেখাশোনা করছেন।"
রাজ নিজে বর্তমানে কন্যাসন্তান ইয়ালিনিকে নিয়ে কলকাতায় রয়েছেন। ফোনের ওপার থেকে নিয়মিত স্ত্রী ও পুত্রের খবর নিচ্ছেন তিনি। রাজ জানিয়েছেন যে ভয়ের কিছু নেই, তবে তাঁর গলায় হালকা উদ্বেগের সুর স্পষ্ট। রাজ বলেন, "আমি নিয়মিত যোগাযোগ রাখছি। এখনই সরকারি কোনো সাহায্যের কথা ভাবছি না। আরও এক-দুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং ওরা স্বাভাবিকভাবেই শহরে ফিরতে পারবে।"
ইরান ও আমেরিকার এই সংঘাতের কারণে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের প্রধান ট্রানজিট পয়েন্টগুলোতে বিমান পরিষেবা আপাতত স্থবির। পিভি সিন্ধু বা মুশফিকুর রহিমের মতো শুভশ্রীও এখন পরিস্থিতির উন্নতির অপেক্ষায় প্রহর গুনছেন। আপাতত রাজের প্রার্থনা, কোনো বিপদ ছাড়াই দ্রুত ঘরে ফিরুক তাঁর পরিবার।
বিষয় : Iran Israel War

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন