নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে পরিনত হওয়ার প্রভাব এবার সরাসরি পড়ল আকাশপথে। আমেরিকা ও ইজরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান, যার ফলে কাতার, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহিতেও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে গত শনিবার থেকেই পশ্চিম এশিয়ার দেশগুলোতে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরেই ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ একাধিক ভারতীয় বিমান সংস্থা রবিবার পর্যন্ত মোট ৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। শুধুমাত্র রবিবারই এয়ার ইন্ডিয়া তাদের আরও ২২টি উড়ান বাতিল করেছে, যার ফলে সংস্থাটির মোট বাতিল উড়ানের সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এ। বিশেষ করে মুম্বই ও দিল্লি বিমানবন্দরে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। মুম্বইয়ে ১২৫টি এবং দিল্লিতে ১০০টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। এই তালিকায় রয়েছে মুম্বই-লন্ডন, দিল্লি-বার্মিংহাম, দিল্লি-জুরিখ এবং দিল্লি-ভিয়েনার মতো গুরুত্বপূর্ণ রুট।
আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে যাতায়াতের জন্য ভারত সাধারণত পশ্চিম এশিয়ার আকাশসীমা ব্যবহার করে। যুদ্ধ পরিস্থিতিতে সেই পথ বন্ধ হওয়ায় কয়েক হাজার যাত্রী মাঝপথে আটকে পড়েছেন। বিশেষ করে ভারতে আসা বিদেশি পর্যটক ও যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। এই সংকটকালে তাঁদের আশ্বস্ত করেছে ভারতের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, যেসব বিদেশি যাত্রীর ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তাঁদের উদ্বেগের কোনো কারণ নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে সাময়িকভাবে ভারতে থাকার বিষয়ে সমস্ত রকম প্রশাসনিক সাহায্য করা হবে। প্রয়োজনে তাঁদের নিকটবর্তী 'ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে' (FRRO) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন