মুর্শিদাবাদ: ভোটার তালিকা নিয়ে আতঙ্কের কালো ছায়া এবার কেড়ে নিল প্রাণ। পরিবারের ৯ জন সদস্যের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বা পেন্ডিং ক্যাটেগরিতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃত বৃদ্ধের নাম আব্দুল শেখ (৭০)। তিনি মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার এসআইআর (SIR) তালিকা প্রকাশের পর দেখা যায় আব্দুল শেখের পরিবারের ৯ জন সদস্যের নামই ‘বিচারাধীন’ হিসেবে রয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। পরিবারের দাবি, ভোটাধিকার হারানোর আশঙ্কায় গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই আতঙ্কেই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং তাঁর মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটার তালিকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে, এটি তারই করুণ পরিণাম।
এই মৃত্যুর প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের ‘খামখেয়ালি’ সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সাধারণ মানুষ। মুর্শিদাবাদের গুধিয়া বকুলতলা মোড়ে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন।
অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ এক ঘণ্টা ধরে আটকে থাকে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, ফলে অনেক গাড়ি বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হয়। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় সহ ব্লকের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপিকে সুবিধা করে দিতেই সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে বা বিচারাধীন রেখে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যার বলি হলেন আব্দুল শেখের মতো সাধারণ মানুষ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন