কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির পর এবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC) দুর্নীতি মামলাতেও কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই মামলার তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল সোনা উদ্ধারের পর গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। ইতিপূর্বে সিবিআই-এর এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 'শোন অ্যারেস্ট' দেখানো হলেও, ইডি এর আগে এই নির্দিষ্ট মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি। বর্তমানে দুজনেই জামিনে মুক্ত রয়েছেন। দীর্ঘ কারাবাসের পর গত বছর নভেম্বরে জামিন পান পার্থ এবং অর্পিতা। ডিসেম্বরে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এবার ফের কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কেবল পার্থ বা অর্পিতাই নন, এসএসসি মামলার শিকড়ে পৌঁছাতে আরও বেশ কয়েকজনকে এই মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বেশ কিছু চাকরিপ্রার্থীর বয়ান রেকর্ড করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। কাদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছিল এবং এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা জানতেই এই জেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এবং ইডি—উভয় সংস্থার মামলাতেই অভিযুক্ত থাকলেও অর্পিতা মুখোপাধ্যায়কে সিবিআই কোনও মামলায় গ্রেফতার করেনি। দীর্ঘ আইনি লড়াই ও শারীরিক অসুস্থতা কাটিয়ে বাড়িতে ফেরার কয়েক মাসের মধ্যেই ফের দুই হেভিওয়েটের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিষয় : Enforcement Directorate

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন