মুর্শিদাবাদ: ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্ক এবার গ্রাস করল মুর্শিদাবাদের ফরাক্কাকে। এসআইআর (SIR)–এর চূড়ান্ত তালিকায় নিজের ও দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখে মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বাবলু হালদার (৬০) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ফরাক্কা ব্লকের বিন্দুগ্রাম এলাকার বাসিন্দা বাবলু হালদার। পরিবার সূত্রে খবর, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তিনি জানতে পারেন তাঁর এবং তাঁর দুই ছেলের নাম ‘পেন্ডিং’ বা বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই তিনি চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন। পরিবারের দাবি, ভোটাধিকার হারানোর ভয়ে এবং ভবিষ্যৎ নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তায় রবিবার গভীর রাতে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।
খবর পেয়েই বাবলু হালদারের পরিবারের সঙ্গে দেখা করতে যান ফরাক্কা ব্লক আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি অরুণময় দাস এবং তৃণমূল নেতা বাবলু ঘোষ। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের এই খামখেয়ালি তালিকার কারণেই সাধারণ মানুষের মধ্যে প্রাণ হারানোর ভয় জাঁকিয়ে বসছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা নিয়ে আতঙ্কে এটি দ্বিতীয় বড় ঘটনা। এর ঠিক আগেই মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে আব্দুল শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের ৯ জন সদস্যের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ থাকায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনার প্রতিবাদে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। এক সপ্তাহের ব্যবধানে জেলায় এই ধরনের দ্বিতীয় ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।
বিষয় : SIR West Bengal

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন