নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি এবার সরাসরি প্রভাব ফেলল ভারতীয় ক্রীড়ামহলে। আমেরিকা-ইরান সংঘাতের জেরে বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিদেশের মাটিতে আটকে পড়েছেন ভারতের একাধিক তারকা অ্যাথলিট। তালিকায় যেমন রয়েছেন অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু, তেমনই আলবেনিয়ায় আটকে পড়েছে ভারতের ১৬ জন মহিলা কুস্তিগীরের দল।
'মুহামেত মালো ২০২৬' প্রতিযোগিতায় অংশ নিতে আলবেনিয়ার তিরানায় গিয়েছিল ভারতীয় কুস্তি দল। প্রতিযোগিতা শেষ হলেও বিপত্তি বাধে ফেরার পথে। ইরান ও তার প্রতিবেশী দেশগুলি আকাশপথ (Airspace) বন্ধ করে দেওয়ায় তাঁদের ফেরার বিমান বাতিল করা হয়েছে। ভারতের ১৬ জন কুস্তিগীর ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বিশাল এই দলটি এখন তিরানা বিমানবন্দরের কাছে একটি হোটেলে আশ্রয় নিয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দলের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন কোচেরা। দলের প্রধান কোচ বীরেন্দ্র সিং জানান, "বিমান বাতিল হওয়ার পর আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং কুস্তি ফেডারেশনের (WFI) ফোন পেয়েছি। ফেডারেশন আমাদের স্পষ্ট জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকা-খাওয়ার কোনও সমস্যা হবে না।" দলের অন্য এক কোচ মনজিৎও জানিয়েছেন যে তাঁরা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ আছেন। তবে, পুরুষ দলটির প্রতিযোগিতা আগে শেষ হওয়ায় যুদ্ধ শুরুর আগেই তারা দেশে ফিরতে পেরেছে।
কুস্তি দলের পাশাপাশি সমস্যায় পড়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। পশ্চিম এশিয়ার একটি ট্রানজিট বিমানবন্দরে আটকে পড়েছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে তিনি বর্তমান পরিস্থিতির আপডেট দিয়েছেন এবং ভক্তদের উদ্বেগের কথা জানিয়েছেন।
এত সব প্রতিকূলতার মাঝেও 'মুহামেত মালো ২০২৬' ইভেন্টে ভারতীয় কুস্তিগীররা উজ্জ্বল সাফল্য পেয়েছেন। ৪৮ সদস্যের ভারতীয় দলের মধ্যে অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়ন সুজিত কলকল ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন। এছাড়া, ভারত এই প্রতিযোগিতায় ৩টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদকও অর্জন করেছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকার ও ভারতের কুস্তি ফেডারেশন অবিরাম যোগাযোগ রাখছে আটকে পড়া খেলোয়াড়দের সঙ্গে। আকাশপথ নিরাপদ হলেই তাঁদের বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে।
বিষয় : India IRAN ATTACK

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন