কলকাতা: আসন্ন নির্বাচন সামনে রেখে রাজ্যে শুরু হওয়া ভোটারতালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর কাছে একটি লিখিত অভিযোগ তথা আবেদনপত্র পাঠিয়েছেন তিনি।
চিঠিতে অধীর উল্লেখ করেছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সদ্য প্রকাশিত চূড়ান্ত (যদিও পরিমার্জনযোগ্য) ভোটারতালিকা থেকে বহু ভোটারের নাম বাদ পড়েছে। তাঁর অভিযোগ, সামান্য বানানগত ত্রুটি, তথ্যের অমিল কিংবা নথিপত্র সংক্রান্ত ক্ষুদ্র অসঙ্গতির কারণে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ছে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে বিদ্যমান ভোটারতালিকাকেই চূড়ান্ত বলে গণ্য করা হয়। সেই সময় আর কোনও সংযোজন বা সংশোধনের সুযোগ থাকে না। এই পরিস্থিতির কথা তুলে ধরে অধীরের আশঙ্কা, যদি এখনই এই ত্রুটিগুলি সংশোধন না করা হয়, তাহলে বহু নাগরিক তাঁদের সংবিধানপ্রদত্ত ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।
গণতান্ত্রিক পরিকাঠামো অক্ষুণ্ণ রাখার স্বার্থে কংগ্রেস নেতা স্পষ্টভাবে কিছু দাবি জানিয়েছেন। যেমন - বিচার প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ করা এবং সমস্ত আপত্তি-নিষ্পত্তি (Grievance Redressal) সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ না করা। নির্বাচন ঘোষণার আগেই প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্তির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
অধীর তাঁর চিঠিতে জোর দিয়ে বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রত্যেক প্রকৃত নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি আশাপ্রকাশ করেছেন, নির্বাচন কমিশন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করবে যাতে কোনও অবস্থাতেই একজনও প্রকৃত ভোটার তাঁর আইনসিদ্ধ অধিকার থেকে বঞ্চিত না হন।
বিষয় : SIR West Bengal congress

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন