মুম্বই: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রের আঁচ এসে লাগল ভারতের শেয়ার বাজারে। আমেরিকা ও ইজরায়েলের ইরানের উপর যৌথ হামলা এবং পালটা তেহরানের রণংদেহি মেজাজে সোমবার বাজার খুলতেই ধস নামল দালাল স্ট্রিটে। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ১,০৪৮ পয়েন্ট হারিয়ে থিতু হয়েছে ৮০,২৩৮ পয়েন্টে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ - ৩১৩ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ২৪,৮৬৫ পয়েন্টে।
সোমবার বাজার খোলার শুরু থেকেই পতনের ইঙ্গিত মিলেছিল। সেনসেক্স আগের দিনের ক্লোজিংয়ের চেয়ে প্রায় ২,৭৪৩ পয়েন্ট নীচে ওপেন হয়। নিফটি-র শুরুটাও হয় ৫০০ পয়েন্ট লোয়ারে। যদিও দিনের মাঝে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা হলেও শেষরক্ষা হয়নি। ট্যুরিজম, অয়েল অ্যান্ড গ্যাস এবং এনার্জি সেক্টরগুলির শেয়ারে সবথেকে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। এমনকী, সকালে পজিটিভে থাকা ডিফেন্স এবং মেটাল ইনডেক্সও বেলা বাড়লে লালে ঢেকে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির মূলে রয়েছে পশ্চিম এশিয়ার জটিল ভূ-রাজনৈতিক সমীকরণ। আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের সুপ্রিম লিডার খামেনেই-সহ একাধিক শীর্ষ নেতার মৃত্যু পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ইরান তার পালটা হিসাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ ডলার ছাড়িয়ে গিয়েছে।
শেয়ার বাজারের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রাও। সোমবার ডলারের সাপেক্ষে টাকার দাম রেকর্ড পতন ঘটে ৯১ টাকা ছাড়িয়ে গিয়েছে। বিদেশি লগ্নিকারীদের শেয়ার বিক্রির হিড়িক এবং বিশ্ববাজারে ডলারের শক্তি বৃদ্ধি ভারতীয় অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি ইরান ও ইজরায়েলের এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে আগামী দিনে বাজার আরও অস্থির হতে পারে।
বিষয় : Indian Stock Market

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন