কলকাতা: দক্ষিণ কলকাতার একটি থানার ওসির বিরুদ্ধে এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন (NCW)। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের পুলিশ মহানির্দেশক (DG) পীযুষ পাণ্ডের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন।
অভিযোগকারিণী ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের দাবি, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ওই থানার ওসি তাঁকে যৌন হেনস্থা করেন। এই মর্মে গত রবিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী গাইডলাইন (POSH Act) মেনে ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
জাতীয় মহিলা কমিশন এই ঘটনাকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। কমিশনের মতে, একজন পদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এহেন অভিযোগ পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা কমিয়ে দেয়। ডিজি-কে পাঠানো চিঠিতে কমিশন নির্দেশ দিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এফআইআর (FIR) দায়ের করে দ্রুত আইনত ব্যবস্থা নিতে হবে। অভিযোগকারিণীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রমাণের সুরক্ষা বজায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে দোষী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে।
কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সম্প্রতি নারী সুরক্ষায় বিশেষ জোর দিয়েছেন। গত শনিবারই শহরে 'পিঙ্ক বুথ'-এর উদ্বোধন করা হয়েছে মহিলাদের তাৎক্ষণিক সহায়তার জন্য। কিন্তু, খাস কলকাতায় খোদ থানার ওসির বিরুদ্ধেই সহকর্মীকে হেনস্থার অভিযোগ ওঠায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্ত কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এখন জাতীয় মহিলা কমিশনকে জানাতে হবে রাজ্য পুলিশকে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন