নয়াদিল্লি: ডিজিটাল দুনিয়ায় নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি (৩০ মিলিয়ন) ছাড়িয়ে গেল। এর ফলে বিশ্বজুড়ে ইউটিউব প্ল্যাটফর্মে সর্বাধিক অনুসৃত (Most Followed) রাষ্ট্রনেতা হিসাবে নিজের শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী, নরেন্দ্র মোদি বিশ্বের একমাত্র রাষ্ট্রনেতা, যাঁর ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা এই বিপুল অঙ্কে পৌঁছেছে। তালিকায় তাঁর ধারেকাছেও নেই অন্য কোনও বিশ্বনেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় মোদির সাবস্ক্রাইবার সংখ্যা সাত গুণেরও বেশি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সাবস্ক্রাইবার সংখ্যা মোদির তুলনায় প্রায় এক-চতুর্থাংশ। দেশের রাজনীতিতেও যোজন যোজন এগিয়ে মোদী। যেমন- রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেলের তুলনায় মোদির সাবস্ক্রাইবার প্রায় তিন গুণ বেশি। আম আদমি পার্টি (AAP) বা জাতীয় কংগ্রেসের (INC) অফিসিয়াল চ্যানেলের তুলনায় এই সংখ্যা চার গুণেরও বেশি।
কেবল ইউটিউব নয়, সম্প্রতি ইনস্টাগ্রামেও প্রথম বিশ্বনেতা হিসেবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর মাত্র এক দশকের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এছাড়া মাইক্রোব্লগিং সাইট 'এক্স' (সাবেক টুইটার)-এও তাঁর ফলোয়ার সংখ্যা ১০.৬ কোটির বেশি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়াকে যেভাবে প্রধানমন্ত্রী হাতিয়ার করেছেন, তারই প্রতিফলন এই বিশাল সাবস্ক্রাইবার সংখ্যা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রচারের ক্ষেত্রে তিনি যে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে, এই মাইলফলক তা ফের প্রমাণ করল।
বিষয় : Narendra Modi

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন