শিলিগুড়ি ও জলপাইগুড়ি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটারতালিকায় নাম থাকা এবং না থাকা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে উত্তরবঙ্গজুড়ে। বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ থেকে শুরু করে সাবেক ছিটমহলবাসী — হাজার হাজার মানুষের নাম ভোটারতালিকায় ‘বিচারাধীন’ (Under Objection) রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার পাহাড় থেকে সমতল, সর্বত্র বিক্ষোভ আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা সদস্য রিচা ঘোষের নাম ভোটারতালিকায় ‘বিচারাধীন’ রাখা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই বিষয়ে নির্বাচন কমিশন কৈফিয়ত তলব করলে শিলিগুড়ির এইআরও (AERO) বিশ্বজিৎ দাস জানান, নির্দিষ্ট সময়েই রিচার বাবা পাসপোর্ট, আধার কার্ড এবং রিচাদের জন্ম সার্টিফিকেট জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন সেগুলি বিচারাধীন হল, তা তিনি বুঝতে পারছেন না! তাঁর দাবি, সম্ভবত কোনও ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে এমনটা হয়েছে! বিষয়টি কমিশনকে জানানো হয়েছে।
ইতিমধ্যেই শিলিগুড়িতে সিপিএমের পক্ষ থেকে বিশাল মিছিল করে এসডিও অফিস ঘেরাও করা হয়। নেতৃত্বে ছিলেন মুন্সি নুরুল ইসলাম, শরদিন্দু চক্রবর্তী প্রমুখ। তাঁদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম চক্রান্ত করে বাদ দেওয়া হচ্ছে এবং মৃত ব্যক্তিদের নাম তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, জলপাইগুড়িতে ডিওয়াইএফআই (DYFI) বিক্ষোভ দেখায় এবং পুলিশি বাধার মুখে পড়ে পথ অবরোধ করে।
কোচবিহারের দিনহাটায় মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান সাবেক ছিটমহলবাসী মানুষজন। এই ইস্যুতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জেলাশাসকের সঙ্গে দেখা করেন। তিনি কড়া ভাষায় জানান, "সাবেক ছিটমহলের একজন বাসিন্দার নামও যদি বাদ যায়, তবে তা হবে প্রতারণা।" আগামী ১০ মার্চের মধ্যে এই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম ‘বিচারাধীন’ রয়েছে, যা নিয়ে উদ্বেগে সব রাজনৈতিক দলই।
পুরো ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। চক্রান্ত করে ভোটারতালিকা থেকে নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলছে, তা নিয়ে জনমানসেও ক্ষোভ বাড়ছে।
বিষয় : SIR West Bengal

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন