কলকাতা: রাজনৈতিক জীবনের দীর্ঘ বনবাস কাটিয়ে অবশেষে সংসদীয় রাজনীতিতে মূল স্রোতে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দোলের উৎসবের আমেজেই মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে রাহুল সিনহার নাম ঘোষণা করল বিজেপি। ১৬ মার্চ হতে চলা রাজ্যসভা নির্বাচনে বাংলার একমাত্র ফাঁকা আসনে গেরুয়া শিবিরের বাজি এখন অভিজ্ঞ এই নেতা।
রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাঁদের চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ঘাসফুল শিবিরের হয়ে উচ্চকক্ষে যাচ্ছেন:
বাবুল সুপ্রিয় (বর্তমান বিধায়ক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী)
রাজীব কুমার (রাজ্যের প্রাক্তন ডিজিপি)
কোয়েল মল্লিক (টলিউডের জনপ্রিয় অভিনেত্রী)
মেনকা গুরুস্বামী আইনজীবী)
তৃণমূলের চার প্রার্থীর বিপরীতে বিজেপি তাদের প্রাপ্য একমাত্র আসনে রাহুল সিনহাকে প্রার্থী করে বুঝিয়ে দিল, অভিজ্ঞ নেতৃত্বকেই এখন অগ্রাধিকার দিচ্ছে দিল্লি।
মঙ্গলবার শুধু বাংলা নয়, মোট ৬টি রাজ্যের ৯টি রাজ্যসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বিহার থেকে উল্লেখযোগ্য নাম দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। এছাড়াও বিহার থেকে প্রার্থী হচ্ছেন দিলীপ কুমার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আসনগুলিতে অন্য কোনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে।
দীর্ঘদিন রাজ্য রাজনীতিতে সেভাবে কোনও বড় পদে ছিলেন না রাহুল সিনহা। একসময় রাজ্য সভাপতির দায়িত্ব পালন করলেও গত কয়েক বছরে তাঁকে অনেকটা নেপথ্যেই দেখা গিয়েছিল। দোল পূর্ণিমার দিনে তাঁর এই মনোনয়ন নিশ্চিতভাবেই রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন