দিল্লি: পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে ইরান এবং উপসাগরীয় অঞ্চলে চলা এই সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ওমান ও কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলে সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবা আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পশ্চিম এশিয়ার যে দেশগুলিতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের সাম্প্রতিক প্রত্যাঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর আগে গত দু’দিনে তিনি জর্ডন, সৌদি আরব, বাহরিন এবং ইজরায়েলের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও উপসাগরীয় অঞ্চলে যে সংঘাত শুরু হয়েছে, তা বর্তমানে অত্যন্ত গুরুতর রূপ নিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে - উভয় পক্ষকেই সংযত হতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পবিত্র রমজান মাসেই এই অঞ্চলের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এই যুদ্ধের ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যও থমকে গিয়েছে। যা ভারতের মতো দেশের জন্য উদ্বেগের কারণ।
উপসাগরীয় দেশগুলিতে বিপুল সংখ্যক ভারতীয় কর্মরত। যুদ্ধ পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি ওমান ও কুয়েতের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। ভারত মনে করে, যুদ্ধের বদলে একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন