মাদ্রিদ: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য হুমকির মুখেও নতিস্বীকার করল না স্পেন। বরং, যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অনড় অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন — “আমাদের অবস্থান মাত্র চারটি শব্দে — সে নো টু ওয়ার (যুদ্ধকে না বলুন)।”
মূলত ইরানের বিরুদ্ধে হামলার জন্য স্পেনের ভূখণ্ডে থাকা মোরোন ও রোটা-র যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু, মাদ্রিদ সেই অনুমতি দিতে অস্বীকার করে। এর জেরেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হতে পারে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, "স্পেন ভীষণ খারাপ আচরণ করেছে।"
মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারিতে বিন্দুমাত্র বিচলিত নন সানচেজ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'লা মঙ্কলোয়া' থেকে তিনি জানান, আন্তর্জাতিক আইনের অবমাননা করে কোনও অবৈধ পদক্ষেপের জবাব দেওয়া যায় না। ইউক্রেন, গাজা এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, ইরানের উপর হামলার ফলে বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন বড়সড় ধাক্কা খেতে পারে। তাঁর কথায়, “যুদ্ধের ধোঁয়াশা ব্যবহার করে কেউ নিজের ব্যর্থতা ঢাকতে পারে না।”
ট্রাম্প আরও অভিযোগ করেছেন, স্পেন ন্যাটো জোটের “ভালো অংশীদার নয়”। কারণ, দেশটি প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার লক্ষ্যমাত্রা পূরণ করেনি। তবে, স্পেন সরকার স্পষ্ট করেছে, বর্তমান সঙ্কটে দেশের অর্থনীতি রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছে।
সানচেজ স্পষ্টভাবে জানিয়েছেন, এই লড়াই কোনও নির্দিষ্ট পক্ষ নেওয়ার নয়। ইরানের ধর্মীয় নেতৃত্বের পাশে দাঁড়ানো তাঁদের উদ্দেশ্য নয়। বরং, শান্তি ও আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোই স্পেনের মূল নীতি।
বিষয় : US Iran war Spain

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন