কলকাতা: বসন্তের আমেজ কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জম্মু-কাশ্মীরের ওপর অবস্থানরত একটি পশ্চিমি ঝঞ্ঝা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আর এই জোড়া সিস্টেমের প্রভাবেই চলতি সপ্তাহের শেষ থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রবিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে।
৯ মার্চ (সোমবার): বৃষ্টির বিস্তার বাড়তে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলিতে।
১০ মার্চ (মঙ্গলবার): দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে স্বস্তির খবর এই যে, কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে টানা তিন-চার দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া বজায় থাকবে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই তাপমাত্রায় বড়সড় কোনো বদল আসছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে বৃষ্টির দাপট কমলেই পারদ চড়তে শুরু করবে। এক সপ্তাহ থেকে তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন