কলকাতা: মার্চ গড়াতেই বঙ্গে পুরোদমে বেজে উঠল নির্বাচনের দামামা। ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ চলায় এর মধ্যেই রাজ্যে পা রাখছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী রবিবার, ৮ মার্চ রাতে কলকাতায় পৌঁছে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে থাকছেন বাকি দুই কমিশনার সুখবীর সিং সাঁধু ও বিবেক যোশিসহ কমিশনের একঝাঁক শীর্ষ কর্তা। সোমবার ও মঙ্গলবার — এই দু’দিন শহর কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের।
কমিশনের সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকেই শুরু হবে ম্যারাথন বৈঠক। প্রথম দফায় রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন কমিশনাররা। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল প্রস্তুতি নিয়ে রিপোর্ট পেশ করবেন। দুপুর থেকে আসরে নামবেন ২৪টি কেন্দ্রীয় ও রাজ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রধানরা। ওই দিনই বিকেল পর্যন্ত সমস্ত জেলাশাসক (DM) ও পুলিশ সুপারদের (SP) সঙ্গে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবে ফুল বেঞ্চ।
মঙ্গলবার সকাল থেকে নবান্নের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ কুমাররা। উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে বুথস্তরের কাজ কতটা নিখুঁত হয়েছে, তা যাচাই করতে ওই দিন বিএলও-দের (BLO) সঙ্গেও কথা বলবে কমিশন। সবশেষে দুপুর নাগাদ সাংবাদিক বৈঠক করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলতে পারেন তাঁরা।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে। কলকাতার বুকেও শুরু হয়েছে রুট মার্চ। মঙ্গলবার বিকেলের বিমানেই দিল্লির উদ্দেশে রওনা দেবে কমিশনের পুরো দল। রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই সফরের পরপরই সম্ভবত লোকসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ফলে এই দু’দিনের সফর বাংলার রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন