ভাটপাড়া: উৎসবের রঙ যে এভাবে বিষাদে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেনি ভাটপাড়ার মাদরাল গভর্নমেন্ট কলোনি। গত মঙ্গলবার দোলের দুপুরে বলরাম সরকার গঙ্গা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া চার বন্ধুরই সলিল সমাধি হল। বৃহস্পতিবার সকালে ইছাপুর নবাবগঞ্জ ঘাট থেকে নিখোঁজ তরুণী দীপশিখা দাস রজকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর প্রিয়জনেরা।
গত মঙ্গলবার বিকেলে দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে গিয়েছিলেন চার বন্ধু — সৈকত নন্দী (৩২), সৌরভ নন্দী (২৭), সৌরভ সরকার এবং দীপশিখা দাস রজক। প্রত্যক্ষদর্শীদের মতে, স্নান করার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে তীব্র স্রোতে তলিয়ে যান তিন যুবক। তাঁদের বাঁচাতে দীপশিখা ঝাঁপ দিলেও শেষরক্ষা হয়নি, স্রোতের টানে চারজনই চোখের নিমেষে অদৃশ্য হয়ে যান!
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ, ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং এনডিআরএফ টিম। মঙ্গলবার বিকেলেই ডুবুরিদের সহায়তায় একে-একে তিন যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে, দীপশিখার কোনও হদিশ তখনও মেলেনি। পরবর্তীতে, এদিন সকালে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে একটি দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ পৌঁছে দীপশিখার পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা এসে দেহটি শনাক্ত করেন।
চারজনের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর গোপাল রাউত এবং এসিপি (জগদ্দল) বিশ্বজিৎ পাত্র। স্থানীয়দের মতে, গঙ্গার এই ঘাটে জোয়ারের সময় প্রবল টান থাকে, যা বুঝতে না পারাতেই এই বিপর্যয়।
মাদরাল গভর্নমেন্ট কলোনির সেই হাসিখুশি চার বন্ধুর নিথর দেহ এখন পরিবারের কাছে। রঙের উৎসবের আনন্দ চিরতরে ধুয়ে গেল গঙ্গার জলে!
বিষয় : Barrackpore BHATPARA

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন