কলকাতা ও নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে নজিরবিহীন ঘটনা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার হঠাৎ করেই দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি! রাজ্যপালের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (OSD) এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রাজভবন সূত্রে খবর, তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত ওই পদে তাঁর মেয়াদ ছিল। কিন্তু, নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগেই কেন তিনি দায়িত্ব ছাড়লেন, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। পদত্যাগের কারণ হিসাবে এখনও পর্যন্ত বোস নিজে মুখ খোলেননি।
সামনেই রাজ্যে হাই-ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যপালের এই আকস্মিক প্রস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেউ মনে করছেন কেন্দ্রীয় সরকার তাঁকে অন্য কোনও বড় দায়িত্বে পাঠাতে পারে, আবার কারও মতে রাজ্যের শাসকদলের সঙ্গে সাম্প্রতিক তিক্ততা বা ব্যক্তিগত কোনও কারণেই এই সিদ্ধান্ত। রাজ্যপালের ওএসডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমরা বর্তমানে দিল্লিতে রয়েছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে।"
দায়িত্ব নেওয়ার শুরুতে রাজ্য সরকারের সঙ্গে বোসের সম্পর্ক বেশ মধুর থাকলেও, পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে উপাচার্য নিয়োগ এবং পঞ্চায়েত ভোট কেন্দ্র করে রাজভবন ও নবান্নের সংঘাত চরমে উঠেছিল। এই পরিস্থিতির মাঝে তাঁর পদত্যাগ আগামী নির্বাচনে রাজ্য প্রশাসনের উপর কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
আপাতত বাংলার পরবর্তী রাজ্যপাল কে হতে চলেছেন, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
বিষয় : CV Anand Bose

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন