গুয়াহাটি: অসমের আকাশে ফের বড়সড় বিপর্যয়। ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ এমকেআই (Su-30 MKI) যুদ্ধবিমানের দুই পাইলটই প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে ভারতীয় বায়ুসেনার তরফে সরকারিভাবে এই শোকসংবাদ জানানো হয়। মৃত দুই বীর সেনানি হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর।
বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান দিয়েছিল সুখোই যুদ্ধবিমানটি। সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ সম্ভব হয়েছিল। সেই সময় বিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী এলাকায়। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি নিখোঁজ হয়। বায়ুসেনার হেলিকপ্টার রাতভর তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে জোরহাট থেকে প্রায় ৬০ কিমি দূরে কার্বি আংলং এলাকায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে।
বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডলে দুই পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই কঠিন সময়ে তারা বীর শহীদদের পরিবারের পাশে রয়েছে।
ভারতীয় বায়ুসেনার হাতে বর্তমানে প্রায় ২৬০টিরও বেশি রাশিয়ান প্রযুক্তিতে তৈরি সুখোই বিমান রয়েছে। তবে ২০১৭ সালেও ঠিক একইভাবে অসমের তেজপুর থেকে ওড়ার পর অরুণাচলের জঙ্গলে একটি সুখোই বিমান ভেঙে পড়েছিল, যেখানেও দুই পাইলট প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি উস্কে দিয়েই ফের ঘটে গেল এই করুণ দুর্ঘটনা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন