ওয়াশিংটন ও কুয়ালালামপুর: আন্তর্জাতিক স্তরে শিশু যৌন শোষণ ও পাচার চক্র চালানোর অভিযোগে দীর্ঘদিনের পলাতক বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে ইতিমধ্যেই আমেরিকার আলাস্কা প্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এফবিআই অধিকর্তা কাশ প্যাটেল নিজে সমাজমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
তদন্তে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। মালয়েশিয়ার একটি মেডিক্যাল কলেজের ছাত্র জোবাইদুল আমিন মূলত ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের টার্গেট করতেন। শিশুদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন জোবাইদুল। কেউ অস্বীকার করলে সেই ছবি জনসমক্ষে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হতো। এই চক্র শুধু আমেরিকা বা আলাস্কায় সীমাবদ্ধ ছিল না, বিশ্বের একাধিক দেশে এই জাল বিছিয়েছিলেন তিনি। কয়েকশো শিশু এই শোষণের শিকার হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
২০২২ সাল থেকেই জোবাইদুলের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল মার্কিন গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে আলাস্কার গ্র্যান্ড জুরি শিশু পর্নোগ্রাফি তৈরি, সাইবার স্টকিং, পরিচয় জালিয়াতি-সহ মোট ১৩টি ধারায় অভিযোগ এনেছে। কুয়ালালামপুরে এফবিআই শাখা ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
মার্কিন অ্যাটর্নিদের মতে, দোষী সাব্যস্ত হলে জোবাইদুলের ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এফবিআই-এর স্পেশাল এজেন্ট অ্যান্টনি জাং জানিয়েছেন, শিশুদের শৈশব ধ্বংসকারী এই অপরাধীদের ধরতে আন্তর্জাতিক স্তরে সমন্বয় অত্যন্ত জরুরি ছিল। মালয়েশিয়াতেও তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ ছিল। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতায় অবশেষে এই কুখ্যাত অপরাধীকে বিচারের মুখোমুখি করা সম্ভব হলো।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন