কলকাতা: সমস্ত উৎকণ্ঠার অবসান। অবশেষে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন বিজেপি নেতা রাহুল (বিশ্বজিৎ) সিনহা। নথিপত্র সংক্রান্ত জটিলতা কাটিয়ে তাঁর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শুক্রবার বিধানসভা থেকে বেরোনোর সময় তাঁর মুখে ছিল চওড়া হাসি।
বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছিলেন রাহুল সিনহা। যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই তাঁর সাংসদ হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু বিপত্তি ঘটে স্ক্রুটিনির আগে। জানা যায়, তাঁর জমা দেওয়া নথিতে একটি মামলা সংক্রান্ত তথ্যে ত্রুটি রয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, শুক্রবার সকাল ১১টায় স্ক্রুটিনি শুরুর আগেই সঠিক নথি জমা করতে হবে, অন্যথায় বাতিল হতে পারে মনোনয়ন।
শুক্রবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল বিধানসভা চত্বরে। স্ক্রুটিনি শুরুর আগেই সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। সিইও-র এই আকস্মিক উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। একাংশের দাবি, রাহুলের মনোনয়ন যাতে কোনোভাবেই বাতিল না হয়, তা নিশ্চিত করতেই এই তৎপরতা। শেষ পর্যন্ত প্রয়োজনীয় নথি জমা পড়ায় রাহুলের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।
স্ক্রুটিনি শেষে জয়ের হাসি হেসে রাহুল সিনহা সংবাদমাধ্যমকে জানান, “কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। আগামী দিনে দল যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।” রাহুল সিনহার এই সাফল্যে বিজেপি শিবিরে এখন খুশির হাওয়া। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর অবশেষে সংসদের উচ্চকক্ষে পা রাখতে চলেছেন এই বর্ষীয়ান নেতা।
বিষয় : BJPWestBengal Rahul Sinha

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন