কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল তথা প্রাক্তন দুঁদে গোয়েন্দা কর্তা আরএন রবি। কিন্তু, রবির বাংলায় আসার খবর চাউর হতেই দাক্ষিণাত্য থেকে ভেসে এল সতর্কবার্তা। তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র সাফ দাবি, আরএন রবি যেখানেই যান, সেখানেই সংবিধান ও গণতন্ত্রের ‘মৃত্যু’ ঘটে।
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকের রাজ্যসভার সাংসদ পি উইলসন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সরাসরি আক্রমণ শানিয়েছেন আরএন রবির বিরুদ্ধে। তিনি লিখেছেন, “আরএন রবি যেখানেই যান, সেখানে সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের ক্ষতি করেন। পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূলে থাকা আমার ভালো বন্ধুদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে!” এমনকী, ব্যঙ্গ করে রবিকে ডিএমকের ‘তারকা প্রচারক’ বলেও অভিহিত করেন তিনি। কারণ, তামিলনাড়ু সরকারের সঙ্গে রবির সংঘাত বারবার জনসমক্ষে স্ট্যালিন প্রশাসনের পাল্লা ভারী করেছে বলে ডিএমকের দাবি।
প্রসঙ্গত, আইপিএস অফিসার হিসাবে অবসর নেওয়ার পর ২০১৯ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল হন আরএন রবি। ২০১৫-সালের ‘নাগা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট’-এর নেপথ্যে তাঁর বড় ভূমিকা থাকলেও, অভিযোগ উঠেছিল তিনি সেনাকে ব্যবহার করে বিরোধী আন্দোলন দমনে মদত দিয়েছেন। ২০২১ সালে তামিলনাড়ুর দায়িত্ব নেওয়ার পর থেকেও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক। জাতীয় সঙ্গীতের অবমাননা থেকে শুরু করে বিধানসভার অধিবেশনে ভাষণ নিয়ে তৈরি হওয়া সংঘাত এতটাই চরমে পৌঁছয় যে, খোদ মুখ্যমন্ত্রী রাজ্যপালের চা-চক্র পর্যন্ত বয়কট করেছিলেন!
বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজভবনে এক প্রাক্তন আইবি (IB) ও সিবিআই (CBI) কর্তার আগমন প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত এ রাজ্যে নতুন কিছু নয়। জগদীপ ধনখড় থেকে শুরু করে সিভি আনন্দ বোস — রাজ্যপালদের সঙ্গে নবান্নের অম্ল-মধুর সম্পর্ক বারবার সংবাদের শিরোনামে এসেছে। এবার তামিলনাড়ুর অভিজ্ঞতার নিরিখে ডিএমকে যেভাবে তৃণমূলকে আগাম সতর্ক করল, তাতে আগামী দিনে রাজভবন-নবান্ন সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয় : DMK

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন