কলকাতা: ধর্মতলায় তৃণমূলের ধরনামঞ্চে শনিবার এক অন্য মেজাজে ধরা দিলেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা প্রতীক-উর রহমান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জোড়াফুলে যোগ দেওয়ার পর এদিনই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বড় মঞ্চে বক্তব্য রাখলেন তিনি। তাঁর নিশানায় ছিল নির্বাচন কমিশন এবং বিজেপি। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করার পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগান তুলেও ধরনামঞ্চ মাতালেন প্রতীক-উর।
সংবিধানের প্রস্তাবনার প্রসঙ্গ টেনে প্রতীক-উর এদিন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “সংবিধানে লেখা আছে ‘উই দ্য পিপল অফ ইন্ডিয়া’। কিন্তু বিজেপি আর এই ‘ভ্যানিশ কুমার’রা (জ্ঞানেশ কুমার) আসার পর প্রশ্ন উঠছে ‘হু দ্য পিপল অফ ইন্ডিয়া’। নির্বাচনের আগে আমরা ভারতের মানুষ, আর নির্বাচনের পরেই আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।”
রাজ্যের ভোটারতালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ডি-ভোটার ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নেন প্রতীক-উর। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশনারের প্রচুর জ্ঞান আছে, শুধু কাণ্ডজ্ঞানটুকু নেই। মানুষের প্রতি দায়বদ্ধতা না দেখিয়ে তিনি বিজেপির দালালি করছেন। বিজেপির স্লোগান বাংলায় বাস্তবায়িত করতে বেছে বেছে তৃণমূল সমর্থকদের নাম ভোটারতালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে।”
প্রতীক-উর আরও দাবি করেন, বিজেপি বাংলায় জিততে পারছে না বলেই রোহিঙ্গাদের অজুহাত দিয়ে আদিবাসী, তফশিলি জাতি এবং মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। তাঁর হুঙ্কার, “তৃণমূলকে ভ্যানিশ করা যাবে না, ২০২৬-এর নির্বাচনে বাংলার মানুষই পদ্মফুলকে ভ্যানিশ করে দেবে।”
বক্তব্য শুরুর প্রথমেই প্রতীক-উর রহমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, “যাঁর হাত ধরে আমি তৃণমূলে এসেছি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ঋণী। এই বড় মঞ্চে সুযোগ পাওয়ায় আমি অভিভূত।”
ফেব্রুয়ারি মাসের শেষে সিপিএম ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছেন প্রতীক-উর। বাম শিবিরের যুব নেতা হিসেবে পরিচিত প্রতীক-উরের এই ‘ভোলবদল’ এবং তৃণমূলের মঞ্চে তাঁর এই আক্রমণাত্মক মেজাজ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ ‘কৌশলগত চাল’ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বিষয় : TMC CPM PRATIKUR RAHMAN

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন