ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চের ৫৫তম বর্ষপূর্তিতে উত্তাল হয়ে উঠল ঢাকা। শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন চারজন। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের পর এবার তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের বিরুদ্ধেও দমনপীড়নের অভিযোগ তুলে সরব হলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তির ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই স্মৃতি স্মরণে শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে, শুক্রবার রাত থেকেই ভস্মীভূত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যেও কয়েকজন শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ চারজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করা না হলেও, স্রেফ ফুল দিতে যাওয়া মানুষগুলির বিরুদ্ধে কেন ‘সন্ত্রাস দমন আইন’ প্রয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
শনিবার দলের একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। গ্রেফতারির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি তাঁর পিতার ঐতিহাসিক ভাষণের সেই অমোঘ উক্তি ব্যবহার করে বলেন, “আমাদের দাবায়ে রাখতে পারবা না। ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির লড়াইয়ের দিকনির্দেশনা। সেই আদর্শকে মুছে ফেলার সাধ্য কারও নেই।” হাসিনা আরও অভিযোগ করেন, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারেক রহমানের বর্তমান সরকারের কোনও পার্থক্য নেই। দুই সরকারই আওয়ামী লীগকে দমন করতে একই পথ বেছে নিয়েছে।
উল্লেখ্য, ২০২৪-এর ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের দিন ধানমন্ডির এই বাড়িতে হামলা হয়। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে উন্মত্ত জনতা বুলডোজার দিয়ে বাড়িটির অধিকাংশ গুঁড়িয়ে দিলেও, বিশেষ বিশেষ দিনে সাধারণ মানুষ ও সমর্থকরা সেখানে শ্রদ্ধা জানাতে পৌঁছচ্ছেন। এর আগেও এক রিকশাচালককে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছিল। শনিবারের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিষয় : BNP Awami League Sheikh Hasina Tareq Rahman

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন