কলকাতা: ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে টানা দুই দিন রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত প্রায় ৭ লক্ষ ৭০ হাজার ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজারের নাম বৈধ বলে চিহ্নিত হয়েছে এবং প্রায় ৩ লক্ষ ৫ হাজার নাম বাদ পড়তে পারে। শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট প্রায় সাড়ে ৮ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ধর্নামঞ্চ থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রবিবার রাতে কলকাতায় পৌঁছবেন মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar। সোমবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। এরপর নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে আইজি, ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal জানিয়েছেন, সোমবার থেকে দুই দিন ধরে বৈঠকের মাধ্যমে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনসহ নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।
এরই মধ্যে দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে একাধিক বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর Partha Barma দাবি করেছেন, তাঁর ওয়ার্ডে প্রায় ১৪২ জনের নাম ডিলিট হয়েছে এবং আরও ২২৮ জনের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিবেচনাধীন’ ভোটারদের বিষয়টি খতিয়ে দেখছেন ৫০১ জন বিচারিক আধিকারিক। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আরও প্রায় ২০০ জন বিচারিক আধিকারিক আনা হচ্ছে। শনিবার রাতের মধ্যেই তাদের একটি বড় অংশ রাজ্যে পৌঁছানোর কথা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন