আহমেদাবাদ: আজকের রাত কি নীল উৎসবের নাকি কিউয়ি রূপকথার? টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং কখনও কাপ না জেতা নিউজিল্যান্ড। একদিকে ভারতের সামনে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ, অন্যদিকে ব্ল্যাক ক্যাপসদের লক্ষ্য হল, ভারতের মাটিতে ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাওয়া।
গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারত আজ জিতলে একাধিক নতুন রেকর্ড গড়বে। যথা - প্রথম দল হিসাবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির। প্রথম দেশ হিসাবে ঘরের মাঠে শিরোপা জয়। রেকর্ড তিনটি ট্রফি জিতে টুর্নামেন্টের সফলতম দল হওয়া।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে দাপটের সাথে হারিয়ে ফাইনালে ওঠা সূর্যকুমার যাদবের দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। তবে অধিনায়ক সূর্য স্বীকার করেছেন, "ঘরের মাঠে ফাইনাল, তাই চাপ ও স্নায়ুর লড়াই তো থাকবেই।"
অন্যদিকে, সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে মিচেল স্যান্টনারের দল। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি কিউয়িদের শক্তি বাড়িয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অতীত রেকর্ডও (৩-০) বেশ ভালো।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই আহমেদাবাদেই ভারতকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার অনেকটা প্যাট কামিন্সের সুরেই বলেছেন, “আমরা হয়তো ফেভারিট নই, কিন্তু ট্রফি জিততে ভারতীয় দর্শকদের হৃদয় ভাঙতে আমার কোনও আপত্তি নেই!”
ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার অভিষেক শর্মা ও স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। তবে, স্বস্তি দিচ্ছে সঞ্জু স্যামসনের ব্যাট এবং যশপ্রীত বুমরাহর আগুনে বোলিং। সেমিফাইনালে ইংল্যান্ড বধে বুমরাহর ভূমিকা ছিল অনবদ্য। অন্যদিকে, নিউজিল্যান্ড টুর্নামেন্টের শুরুতে ধুঁকলেও সঠিক সময়ে ছন্দে ফিরেছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারিয়ে তারা প্রমাণ করেছে যে কোনও বড় দলকে অঘটন উপহার দিতে তারা প্রস্তুত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক আর টিভির সামনে কোটি কোটি মানুষের নজর এখন একটাই প্রশ্নের দিকে — ভারত কি পারবে ২০২৪-এর জুন মাসের সেই বিজয় উল্লাস ফেরাতে? নাকি নিউজিল্যান্ড প্রথমবার ট্রফি জিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভাঙবে? উত্তর মিলবে আজ রাতেই।
বিষয় : ICCT20

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন