রায়পুর: ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবৈধ আফিম চাষের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা বিনয় তামরকার। অভিযুক্ত নেতা বিজেপির কিষাণ মোর্চার রাইস মিল প্রসেসিং প্রজেক্টের রাজ্য কনভেনর পদে ছিলেন। শনিবার তাঁর ফার্মহাউস সংলগ্ন প্রায় দেড় একর জমিতে পুলিশি অভিযানের পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ঘটনার গুরুত্ব বুঝে বিজেপি তড়িঘড়ি অভিযুক্ত নেতাকে দল থেকে সাময়িক বরখাস্ত করে দেয়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার বিনয় তামরকারের ফার্মহাউসে হানা দেয়। সেখানে দেখা যায়, বিঘার পর বিঘা জমিতে গোপনে নিষিদ্ধ আফিম চাষ করা হচ্ছে। এই ঘটনায় তামরকারসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির সূত্রে খবর, এই ঘটনায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিনয় তামরকারের প্রাথমিক সদস্যপদ ও সমস্ত দলীয় পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছত্তিশগড়ের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি অভিযোগ করেন, "এত বড় অবৈধ চাষ প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন চলতে পারে না। এই চক্রের সঙ্গে আর কোন কোন মন্ত্রী বা বিধায়ক জড়িত, সরকারকে তা স্পষ্ট করতে হবে।"
তদন্ত চলাকালীন ঘটনাস্থলে বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশি তল্লাশিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিও হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে, গ্রেফতার হওয়ার পর বিনয় তামরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে জমিতে আফিম চাষ হচ্ছিল সেটি তাঁর নিজস্ব নয়। জমিটি তিনি ভাগচাষের জন্য অন্যদের দিয়েছিলেন এবং সেখানে কী ফসল বোনা হচ্ছে সেই বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না! তবে, পুলিশ এই যুক্তিতে সন্তুষ্ট নয়। তার জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন