কলকাতা: ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা খামেনেইকে দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সুপ্রিম লিডারকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তেহরানের প্রতি দৃঢ় সমর্থনের বার্তাও দিয়েছে মস্কো।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে পুতিন বলেন, মোজতবা খামেনেই তাঁর বাবার পথ অনুসরণ করে দেশকে নেতৃত্ব দেবেন বলেই তাঁর বিশ্বাস। তিনি বলেন, “আমার পূর্ণ আস্থা রয়েছে যে আপনি সম্মানের সঙ্গে আপনার বাবার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতিতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।”
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “তেহরানের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি বজায় থাকবে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে নিহত হন বলে দাবি করা হয়েছে। এরপরই তাঁর পুত্র মোজতবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার পর তাঁকে প্রথম অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।
এই ঘটনাকে আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে আমেরিকার তীব্র চাপের মধ্যেই মস্কোর পক্ষ থেকে সরাসরি অভিনন্দন ও সমর্থনের বার্তা দেওয়া রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন নেতৃত্ব নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এমনকি মোজতবা খামেনেইকে পরোক্ষভাবে হুমকিও দেন তিনি।
বিশ্লেষকদের মতে, পুতিনের এই অভিনন্দন বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থনের ইঙ্গিত।
বিষয় : India Russia IRAN

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন