কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠকে রাজ্যের সাতটি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে ভোটের দফা, নিরাপত্তা এবং ভোটার তালিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দল।
বিজেপি, সিপিএম ও কংগ্রেস এক বা দুই দফায় নির্বাচন করার পক্ষে সওয়াল করেছে। তাদের মতে, অতিরিক্ত দফায় ভোটের প্রয়োজন নেই। অন্যদিকে ভোটের দফা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, ভোটের দফার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ।
বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। দলের দাবি, মোট প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজারের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, অথচ নাম বাদ দেওয়ার জন্য জমা পড়া ‘ফর্ম-৭’ আবেদন মাত্র ৪২ হাজারের কিছু বেশি।
তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ায় শাসকদলের বিধায়ক, মন্ত্রী ও কাউন্সিলরদের নামও বাদ পড়েছে। দলটির দাবি, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ডোমিসাইল সার্টিফিকেট, পঞ্চায়েতের নথি ও আবাস যোজনার কাগজপত্রকে বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে।
এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুনরায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
বৈঠক শেষে নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব রাজনৈতিক দলকে আশ্বস্ত করে বলেন, আইন মেনেই নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটার তালিকায় নাম সংশোধন বা সংযোজনের জন্য এখনও ফর্ম ৬, ৭ ও ৮ জমা দেওয়া যাচ্ছে।
তবে বৈঠক শেষে কমিশনের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, আলোচনার সময় মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে ‘ডোন্ট শাউট’ বলে মন্তব্য করেন, যা তাঁর কাছে অসম্মানজনক বলে মনে হয়েছে।
অন্যদিকে বিজেপি দাবি করেছে, কমিশনের সঙ্গে বৈঠকে মূলত নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিজেপির প্রতিনিধিদল জানায়, তারা ৭-৮ দফার বদলে রাজ্যে এক বা দুই দফায় ভোট চায়। পাশাপাশি সংবেদনশীল বুথ চিহ্নিত করা এবং কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহারের বিষয়েও কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, সব রাজনৈতিক দলের মতামত বিবেচনা করে রাজ্যে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।
বিষয় : WestBengalElection 2026Election TMC

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন