ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালসহ ভারতে আটক দুই ব্যক্তির বিষয়ে বাংলাদেশ সরকারকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি ভারত। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় পুলিশ হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য ভারতের কাছে কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে। রবিবার এ বিষয়ে কলকাতায় অবস্থিত ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।
তিনি বলেন, “কনস্যুলার এক্সেস পাওয়া গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত কলকাতার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।”
শামা ওবায়েদ আরও বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি জানান, ভারতের কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্যও চাওয়া হয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের ব্যাপারেও সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন