নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে মাঝ আকাশ থেকেই দিল্লিতে ফিরতে বাধ্য হল ইন্ডিগোর একটি আন্তর্জাতিক উড়ান। দিল্লি থেকে ম্যাঞ্চেস্টারগামী ইন্ডিগোর বিমানটি শেষপর্যন্ত মাঝপথ থেকেই ‘ইউ টার্ন’ নিয়ে রাজধানীতে ফিরে আসে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, 6E 033 নম্বরের এই উড়ানটি দিল্লি থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আকাশপথে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের উড়ান দিল্লি থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার পথে সংশ্লিষ্ট আকাশপথে হঠাৎ নিষেধাজ্ঞার মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে।”
জানা গেছে, ইথিওপিয়ার সীমান্তবর্তী আকাশসীমা পর্যন্ত পৌঁছানোর পরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর সেটি দিল্লির উদ্দেশ্যে ফিরে আসে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ওই হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন বলে খবর। এরপর থেকেই গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। ইরান ইতিমধ্যেই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া এবং তুরস্কের আকাশসীমা ঘিরেও সতর্কতা জারি হয়েছে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে বিভিন্ন বিমান সংস্থা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন আন্তর্জাতিক বিমান চলাচলেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিষয় : delhi Indigo Flights UK

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন