কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে ভোটের দামামা বাজার আগেই চড়ছে রাজনৈতিক পারদ। সোমবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটারতালিকা থেকে নাম বাদ যাওয়া কেবল ভোটদানের অধিকার হারানো নয়, এর পিছনে লুকিয়ে আছে এক গভীর অর্থনৈতিক ষড়যন্ত্রও। ভোটারতালিকায় নাম না থাকলে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, দিল্লি থেকে এক উচ্চপদস্থ আমলা তাঁকে ফোন করে এই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ষড়যন্ত্রটি ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। যেমন - ব্যাঙ্ক যখন গ্রাহকদের কাছে কেওয়াইসি আপডেট চাইবে, তখন ভোটারকার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। সেক্ষেত্রে ভোটারতালিকায় নাম না থাকলে বা কার্ড না দেখাতে পারলে সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। অভিষেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটার কার্ড দিতে না পারলে সেই সব অ্যাকাউন্টের টাকা ‘মোদিবাবু’রা নিজেদের নামে করে নিতে পারেন বা আত্মসাৎ করতে পারেন!
এদিন শুধু কেন্দ্রীয় সরকারই নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও সরাসরি আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগের তির ছিল সিইসি-র থাকার জায়গা নিয়ে। তিনি প্রশ্ন তোলেন, কলকাতার হাজার হাজার হোটেলের মধ্যে কেন মুখ্য নির্বাচন কমিশনার সেই হোটেলেই উঠলেন, যেখানে অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় নেতারা এসে থাকেন? অভিষেকের কথায়, “দিল্লির বাবুরা যে হোটেলে এবং যে ঘরে ওঠেন, সেই একই ঘরে কেন চিফ ইলেকশন কমিশনার উঠেছেন?”
অন্যদিকে, রাজ্যে এসেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভোটের সময় বোমা-গুলির সংস্কৃতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তবে, নির্বাচন কমিশনারের এই বার্তার মাঝেই অভিষেকের এই ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ’ সংক্রান্ত দাবি রাজ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভোটারতালিকা সংশোধন এবং ব্যাঙ্কিং নথির এই যোগসূত্র নিয়ে আমজনতার মনেও তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও উদ্বেগ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন