কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় জনসভা হতে চলেছে। সেই সভা থেকেই কি বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি, তবে দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য বিজেপির নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারসহ একাধিক নেতা। সেখানে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
জানা গেছে, বৃহস্পতিবারও দিল্লিতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা হতে পারে। এই ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে প্রার্থী তালিকা নিয়ে এই ধারাবাহিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বড় রাজনৈতিক বার্তা দিতে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকার একটি অংশ ঘোষণা করতে পারে বিজেপি—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দলীয় সূত্রের আরও ইঙ্গিত, এবারের প্রার্থী তালিকায় তরুণ ও মহিলা মুখকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের টিকিট পাওয়া নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
সব মিলিয়ে ব্রিগেডের সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সভা শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চই নয়, বরং আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশলগত বার্তাও সেখান থেকেই দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন