নয়াদিল্লি: হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের পথ প্রশস্ত হওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল তেহরান। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সঙ্গে এই সংক্রান্ত কোনও বিশেষ চুক্তি বা সমঝোতা হয়নি। ভারতীয় জাহাজগুলিকে বিশেষ ছাড় দেওয়ার খবরটি 'মিথ্যা' বলে দাবি করেছে ইরান সরকার।
বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়েছিল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনার পর বরফ গলেছে। শোনা যাচ্ছিল, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। কিন্তু, সেই দাবি খারিজ করে ইরান জানিয়েছে, ভারতের জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি। হরমুজ প্রণালীতে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নিতে হবে, অন্যথায় সামরিক পদক্ষেপ করা হবে। চিন ও রাশিয়ার জাহাজে হামলার আশঙ্কা না থাকলেও, ভারতের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।
বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওই প্রণালীর আশপাশে আটকে রয়েছে। এই জাহাজগুলিতে প্রায় ৭৭৮ জন ভারতীয় নাবিক রয়েছেন। গতকালই গুজরাতগামী একটি জাহাজে হামলার ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও লাইবেরিয়ার পতাকা লাগানো একটি জাহাজ ভারতীয় কর্মী ও সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে মুম্বই পৌঁছাতে পেরেছে। কিন্তু, সামগ্রিক অনিশ্চয়তা কাটেনি।
ইরান ও ওমানের মধ্যবর্তী এই ৫৫ কিলোমিটার চওড়া জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লক্ষ ব্যারেল তেল এখান দিয়ে সরবরাহ করা হয়। যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৩১ শতাংশ। তাই, এই পথ বন্ধ হওয়ার অর্থ হল ইরাক, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর বন্দর থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়া।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ইরান এই কৌশলগত জলপথকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ইরান কেন এই কড়া অবস্থান নিল, তা নিয়ে আন্তর্জাতিক মহলে কাটাছেঁড়া চলছে। ভারতের জাহাজ সংস্থাগুলিও এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
বিষয় : US Iran war #HormuzStrait

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন