সপ্তাহখানেক আগেই যাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়েছিল, হঠাৎ করেই তাঁর ‘বেঁচে ওঠার’ দাবিতে তোলপাড় বিশ্ব রাজনীতি। যুদ্ধবিধ্বস্ত ইরানে এক নাটকীয় মোড় নিয়ে সামনে এল নতুন তথ্য। ইজ়রায়েল ও আমেরিকার হামলায় সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের স্ত্রীর মৃত্যুর যে খবর ছড়িয়েছিল, তা এখন সম্পূর্ণ ‘ভুল’ ও ‘ভুয়ো’ বলে দাবি করছে ইরান।
ইরানের সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ’কে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে যে, খামেনেইয়ের স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বর্তমানে জীবিত রয়েছেন। নিরাপত্তার খাতিরে তাঁর বর্তমান অবস্থান গোপন রাখা হলেও, তাঁর মৃত্যুর খবরটি সঠিক নয় বলে দাবি করেছে তারা। মজার বিষয় হলো, কিছুদিন আগেই ইরানের সরকারি টিভি চ্যানেল ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোই তাঁর মৃত্যুর খবর প্রচার করেছিল এবং তাঁকে ‘শহিদ’ হিসেবেও উল্লেখ করা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যৌথ হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। আমেরিকার শক্তিশালী ‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল আয়াতোল্লা আলি খামেনেইয়ের বৈঠকের ওপর। সেই হামলায় খামেনেই সহ ইরানের একাধিক শীর্ষ আধিকারিকের মৃত্যু হয়। এমনকি খামেনেইয়ের মেয়ে ও জামাতারাও প্রাণ হারান বলে দাবি করা হয়েছিল। খামেনেই-পত্নী মানসুরেহ গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল।
ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোজতাবা খামেনেই সম্প্রতি তাঁর বাবার মৃত্যু নিয়ে বিবৃতি দিলেও মায়ের মৃত্যু নিয়ে নিশ্চুপ ছিলেন। এর ঠিক পরেই মায়ের জীবিত থাকার খবর প্রকাশ্যে এল। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছে যে, মোজতাবা খামেনেই নিজেও নাকি গুরুতর আহত এবং কোমায় রয়েছেন। তবে এই দাবির পাল্টা বিবৃতিও জারি হয়েছে সুপ্রিম লিডারের তরফে। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরে ঠিক কী ঘটছে, তা নিয়ে বাড়ছে রহস্য। খামেনেইয়ের স্ত্রীকে মৃত ঘোষণা করার পর আবার জীবিত দাবি করা ইরানের কোনো বড় কূটনৈতিক চাল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন