রাজ্যে রান্নার গ্যাসের হাহাকার ও জ্বালানি সংকট মেটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। রান্নার গ্যাসের (LPG) বিকল্প হিসেবে ফের রেশন দোকানে কেরোসিন তেল ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি আতঙ্ক কাটাতে মোদী সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লিখে কেরোসিন ফেরানোর আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই সাময়িকভাবে কেরোসিন বণ্টনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য ৪ হাজার ১০০ কিলো লিটার কেরোসিন তেল বরাদ্দ করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৫ দিনের মধ্যে এই তেল সংগ্রহ করতে হবে। ২০২২ সাল থেকে পরিবেশ দূষণের দোহাই দিয়ে রেশনে কেরোসিন দেওয়া বন্ধ থাকলেও, বর্তমান জরুরি অবস্থায় ফের তা চালু হচ্ছে। এর ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের রেশন দোকানগুলিতে কেরোসিন মিলতে শুরু করবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, রাজ্যের কাছে এই পরিমাণ তেল সংগ্রহের প্রয়োজনীয় পরিকাঠামো মজুত রয়েছে। তবে রেশন ডিলারদের দাবি, এই ছাড়পত্র যেন কেবল সাময়িক না হয়ে স্থায়ী হয়। এলপিজির আকাশছোঁয়া দামের বাজারে কেরোসিন গরিব ও মধ্যবিত্ত মানুষের বড় ভরসা হয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা। আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশির হাওয়া রেশন ডিলার ও উপভোক্তা মহলে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন