কলকাতা: জোটের দামামা বাজতেই তৎপরতা তুঙ্গে বাম শিবিরে। নির্বাচন কমিশনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। নির্বাচন কমিশনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। সোমবার বিকেলেই বামেদের প্রাথমিক তালিকা সামনে আসবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে এই তালিকা প্রকাশের মুখে দাঁড়িয়েও আইএসএফ-এর সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটল না। যদিও নওশাদ সিদ্দিকী জোটের পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু আসন সমঝোতা এবং শরিক দল ফরওয়ার্ড ব্লকের আপত্তিতে সমীকরণ কিছুটা জটিল হয়েছে। কাঁচরাপাড়ায় এক স্মরণসভায় এসে বিমান বসু সাফ জানিয়ে দিয়েছেন, একে প্রথাগত 'জোট' না বলে বরং তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক 'সর্বব্যাপক লড়াইয়ের প্ল্যাটফর্ম' হিসেবে দেখছেন তাঁরা।
বিমান বসুর কথায়, বামপন্থার পুনরুত্থানই তাঁদের মূল লক্ষ্য। বামফ্রন্টের অভ্যন্তরীণ শক্তি এবং অন্যান্য বামপন্থী সহযোগীদের সঙ্গে বোঝাপড়া করেই ময়দানে নামছে তারা। আইএসএফ প্রসঙ্গে সরাসরি জোট শব্দটা এড়িয়ে গিয়ে তিনি জানান, বামেদের বাইরেও যারা সমমনোভাবাপন্ন, তাঁদের সঙ্গে আসন সমঝোতার দরজা খোলা রাখা হচ্ছে। তবে মূল ফোকাস থাকবে বামপন্থী ঐক্যের ওপর। একইসঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।
এবারের বামেদের প্রার্থী তালিকায় বড় চমক হতে চলেছে একঝাঁক তরুণ মুখ। সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ বা দীপ্সিতা ধরদের নিয়ে আলোচনা থাকলেও লড়াইয়ের ময়দানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের থাকা প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, তাঁকে উত্তরপাড়া কেন্দ্র থেকে টিকিট দেওয়া হতে পারে। এছাড়া যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ধ্রুবজ্যোতি সাহা, ময়ূখ বিশ্বাস, সপ্তর্ষি দেব ও সায়রা শাহ হালিমদের মতো চেনা নামগুলোও সম্ভাব্য তালিকায় রয়েছে। সোমবারের এই তালিকা প্রকাশের পর বাংলার নির্বাচনী লড়াই যে নতুন মোড় নেবে, তা বলাই বাহুল্য।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন