পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে ভুয়ো এবং বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করার অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। আমিরশাহি সরকারের নির্দেশে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। তদন্তে উঠে এসেছে যে, ধৃতরা সোশ্যাল মিডিয়ায় এআই (AI) দিয়ে তৈরি ভুয়ো ভিডিও, পুরনো ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এবং ইরানকে সমর্থনকারী উস্কানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছিল।
আমিরশাহির অ্যাটর্নি-জেনারেল হামাদ সইফ আল শামসি জানিয়েছেন, মূলত তিন ধরনের অপরাধের জন্য এই গ্রেফতারি। প্রথমত, আসল ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা। দ্বিতীয়ত, বিদেশের পুরনো অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ভিডিওতে এআই প্রযুক্তির কারিকুরি করে সেগুলিকে আমিরশাহির ঘটনা বলে চালানো। এবং তৃতীয়ত, ইরানের সামরিক পদক্ষেপের প্রশংসা করে ও সমর্থন জানিয়ে উস্কানিমূলক তথ্য প্রচার করা। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকলেও ভারতীয়দের সংখ্যাই সবথেকে বেশি।
আমিরশাহির সাইবার আইন অত্যন্ত কঠোর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করা বা গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের কমপক্ষে ১ বছরের জেল এবং ন্যূনতম ১ লক্ষ দিরহাম (ভারতীয় মুদ্রায় যা কয়েক লক্ষ টাকা) জরিমানা হতে পারে। প্রযুক্তি ব্যবহার করে শিশুদের আবেগ উস্কে দেওয়া বা বিদেশের ঘটনাকে নিজের দেশের বলে দাবি করাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে দুবাই প্রশাসন। বর্তমানে এই ১৯ জন ভারতীয় নাগরিক কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন