বীরভূমের মুরারই থানা এলাকার গোপালপুরে পাথর খাদানে ধস নেমে ফের মর্মান্তিক দুর্ঘটনা। পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ও আহত শ্রমিকের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চাঞ্চল্যকর বিষয় হলো, যে পাথর খাদানটিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেটির মালিক বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে গোপালপুর গ্রামের ওই খাদানে ১২ থেকে ১৪ জন শ্রমিকের একটি দল পাথর কাটার কাজ করছিলেন। কাজ চলাকালীন আচমকাই খাদানের ওপরের অংশ থেকে বিশাল ধস নামে। কর্মরত শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই পাশের অন্যান্য খাদানের শ্রমিকরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। উদ্ধারকারীদের দাবি, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মুরারই থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতার মালিকানাধীন হওয়ায় এই খাদানে সুরক্ষাবিধি না মেনেই কাজ চালানো হচ্ছিল। এর আগেও জেলায় একাধিক পাথর খাদানে একই ধরনের দুর্ঘটনা ঘটলেও কেন স্থায়ী সমাধান করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত উদ্ধারকাজ চালিয়ে দেখা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন