কলকাতা: বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজতেই কোমর বেঁধে ময়দানে নামল বামফ্রন্ট। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনের জন্য প্রার্থিতালিকা প্রকাশ করল তারা। ২০২১-এর নির্বাচনে 'ইয়ং টার্কস' বা নতুন প্রজন্মের উপর অতি-নির্ভরতা দেখা গেলেও, ২০২৬-এর লড়াইয়ে অভিজ্ঞ প্রবীণ এবং লড়াকু নবীনদের মেলবন্ধন ঘটিয়ে চমক দিল বাম নেতৃত্ব।
বামেদের এবারের তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম হল - সাবিনা ইয়াসমিন। গত বছরের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচন-পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিল স্কুলছাত্রী তমন্না খাতুন। সেই নিহত ছাত্রীর মা সাবিনাকে প্রার্থী করে বামফ্রন্ট শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিল।
এছাড়াও, প্রার্থীতালিকায় দেখা যাচ্ছে পুরোনো হেভিওয়েট ও নতুন প্রজন্মের প্রার্থীদের। তালিকায় যেমন রয়েছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তেমনই রয়েছেন ছাত্র-যুব আন্দোলনের পরিচিত বিভিন্ন মুখ। যেমন - দমদম উত্তরে প্রার্থী হয়েছেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর, উত্তরপাড়ায় লড়ছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এছাড়াও, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-নিউটাউনে সপ্তর্ষী দেব বামেদের হয়ে ভোটে লড়তে চলেছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে এবার দু’দফায় ভোট হবে। এর মধ্য়ে প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসন এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাদবাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। আর, ভোটের ফল ঘোষিত হবে আগামী ৪ মে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো অভিজ্ঞদের সঙ্গে মীনাক্ষী-দীপ্সিতাদের মতো তরুণ তুর্কিদের একই সারিতে বসিয়ে বামফ্রন্ট আদতে সবস্তরের ভোটারদের কাছে পৌঁছতে চাইছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন